ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি,ধর্মনগরঃ রাজ্যজুড়ে যুবসমাজ যখন ক্রমশ নেশার কবলে পড়ছে, ঠিক সেই সময়ে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ যুবকদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। নেশামুক্ত ও সুস্থ যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যেই তিনি এই অভিনব কর্মসূচি বাস্তবায়ন করছেন। বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ নিজে গাড়ির পেছনে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম নিয়ে বিধানসভা এলাকার গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। এর ফলে স্থানীয় যুবকরা খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠছে এবং অবসর সময়কে ইতিবাচক কাজে লাগানোর সুযোগ পাচ্ছে।সোমবার যুবরাজনগর গ্রামের রাস্তায় কাঠের হাতে তৈরি ব্যাট দিয়ে কয়েকজন কিশোরকে ক্রিকেট খেলতে দেখে বিধায়ক নিজের গাড়ি থামান। পরে তিনি ওই শিশু ও কিশোরদের হাতে উন্নতমানের ফুটবল, ক্রিকেট সেট ও ভলিবল তুলে দেন। খেলাধুলার সামগ্রী পেয়ে ছেলেদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারাও বিধায়কের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন গ্রামে এভাবেই ধারাবাহিকভাবে যুবকদের খেলাধুলায় ব্যস্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিধায়ক। স্থানীয়দের আশা, এই উদ্যোগের মাধ্যমে নেশামুক্ত, সুস্থ ও সচেতন যুবসমাজ গড়ে উঠবে। বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের এই উদ্যোগ যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার এক বাস্তব ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।