ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি,ধর্মনগরঃ সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে সংস্কার ভারতী উত্তর জেলা সমিতির উদ্যোগে শুরু হল শনিবাসরীয় মাসিক ঘরোয়া অনুষ্ঠান বা ‘জলসা’। প্রতি মাসের শেষ শনিবার সন্ধ্যায় নিয়মিতভাবে এই সাংস্কৃতিক আসরের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান।এই ঘরোয়া জলসায় শিশু শিল্পী থেকে শুরু করে প্রবীণ ও অভিজ্ঞ শিল্পীদের অংশগ্রহণ থাকবে। এর মাধ্যমে একদিকে যেমন নবীন শিল্পীরা মঞ্চ পাওয়ার সুযোগ পাবেন, তেমনই অন্যদিকে গড়ে উঠবে এক সুদৃঢ় গুরু-শিষ্য পরম্পরা এবং নিয়মিত সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই শনিবাসরীয় জলসায় সংগীত, নৃত্য, আবৃত্তি সহ শিল্পকলার বিভিন্ন শাখার শিল্পীদের উপস্থাপনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে এই ঘরোয়া আসর আগামী দিনে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে—এমনটাই আশা আয়োজকদের। ২০২৬ সালের জানুয়ারি মাসের শনিবাসরীয় ঘরোয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী পরমব্রত শর্মা, তৃষিতা নাথ এবং সংগীত গুরু সমীর ভট্টাচার্য মহোদয়। তবলায় সঙ্গত করেন পার্থ শর্মা ও সন্দীপ নাথ। শিল্পীদের সাবলীল পরিবেশনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।