ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের বার্তা নিয়ে উত্তর জেলার অন্তর্গত প্রত্যেকরায় উচ্চ বিদ্যালয়ে শুরু হল দুইদিনব্যাপী “ইকো-ফ্রেন্ডলি লিভিং অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে এবং পরিবেশ শিক্ষা কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২ ও ৩ ফেব্রুয়ারি।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষক- শিক্ষিকাদের পরিবেশবান্ধব জীবনযাপনের নানা দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার, বৃক্ষরোপণের গুরুত্ব, জল সংরক্ষণ ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার নিয়ে আলোচনা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্র প্রদর্শনী ও ব্যবহারিক উদাহরণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়।কর্মসূচিতে প্রত্যেকরায় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক উজ্জ্বল নাথ বলেন, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই বড় ধরনের পরিবেশগত পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও সুস্থ পরিবেশ উপহার দিতে এখন থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে ও মত প্রকাশ করেন উপস্থিত শিক্ষক।