রাজকুমার দাস , চুরাইবাড়ি ৩ ফেব্রুয়ারি : পড়শি রাজ্য মিজোরামের একটি চুরির মামলার তদন্তে মঙ্গলবার সকালে ত্রিপুরার উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকায় অভিযান চালায় মিজোরাম পুলিশ। অভিযানে উদ্ধার হয় চুরি যাওয়া নগদ টাকা ও এটিএম কার্ড। যদিও এ বিষয়ে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করতে চায়নি মিজোরাম পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকাল নয়টা নাগাদ মিজোরামের কানমুন থানার পুলিশের একটি বিশেষ টিম চুরাইবাড়ি থানার সহযোগিতায় শনিছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের শিমুল টিলা এলাকার বাসিন্দা হোসেন আহমেদ (২৭), পিতা-মোঃ জমির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশের কাছে গোপন খবর ছিল,ওই বাড়িতেই বহি:রাজ্য শ্রীভূমি জেলার আসিমগঞ্জের বাসিন্দা জসিম উদ্দিন(ওরফে হোসেন আহমেদ) নামের এক যুবক বিবাহসূত্রে বসবাস করছিল। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত জসিম উদ্দিন কিছুদিন পুর্বে মিজোরামের কানমুন থানা এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে নগদ টাকা ও পাসওয়ার্ডসহ একটি এটিএম কার্ড চুরি করে নিয়ে আসে। পরবর্তীতে ওই এটিএম কার্ড ব্যবহার করে কিছু টাকা তোলা হলেও পরে কার্ডটি আনলক করা হয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কানমুন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তের সূত্র ধরেই এদিন যৌথ অভিযান চালানো হয়। তবে পুলিশের গাড়ি এলাকায় পৌঁছানোর আগেই অভিযুক্ত জসিম উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়।তখন বাড়িতে উপস্থিত ছিল তার স্ত্রী। পরবর্তীতে ঐ বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ১ লক্ষ ৯১ হাজার টাকা, এটিএম কার্ড ও সংশ্লিষ্ট কিছু নথিপত্র উদ্ধার করে।শেষে উদ্ধারকৃত সামগ্রী চুরাইবাড়ি থানায় নিয়ে এসে দুই রাজ্যের পুলিশি প্রক্রিয়া সম্পন্ন করার পর সেগুলি সিজ করে মিজোরাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই অভিযানে মিজোরাম পুলিশের এএসআই বানলাল রোলা, হেড কনস্টেবল আর লালহামুওয়ালা সহ অন্যান্য পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে চুরাইবাড়ি থানার পুলিশ। এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ,শিমুল টিলা এলাকার জঙ্গলবহুল অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন অবৈধ কার্যকলাপের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। স্থানীয় জমির উদ্দিনের কন্যাকে বিবাহ করার সুবাদে অভিযুক্ত যুবক সেখানে নিয়মিত যাতায়াত করত এবং তার সঙ্গে যুক্ত অন্যান্য দুষ্কৃতীরাও মাঝেমধ্যে ওই এলাকায় আশ্রয় নিত বলে অভিযোগ। এই পরিস্থিতিতে উত্তর জেলা পুলিশ প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, অবৈধ কার্যকলাপ রুখতে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।