ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর:অনূর্ধ্ব–১৩ (বালক) ধর্মনগর মহকুমা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬-এর ফাইনালে একতরফা আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হলো ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার–(এ)। বৃহস্পতিবার শ্রীপুর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা শিক্ষা ভবন মন্টেসরি ক্রিকেট অ্যাকাডেমিকে ১০ উইকেটে পরাজিত করে শিরোপা দখল করে।টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার–(এ)। ব্যাট করতে নেমে শিক্ষা ভবন মন্টেসরি ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ওভারের আগেই বিপর্যস্ত হয়ে পড়ে। তারা ১৬.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলতে সক্ষম হয়।জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার–(এ) কোনো উইকেট না হারিয়ে মাত্র ২ ওভারেই ২৩ রান সংগ্রহ করে ম্যাচ জিতে নেয়। বল ও ব্যাট—দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের জন্য বিহান দাস নির্বাচিত হন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’। তিনি অপরাজিত ৫ বলে ৯ রান করার পাশাপাশি বল হাতে ৪.৩ ওভারে ৫ রানে ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।এছাড়াও শান দাস অপরাজিত ৮ বলে ১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন এবং সেরা ব্যাটার হিসেবে স্বীকৃতি লাভ করেন।ফাইনালে এমন দাপুটে জয়ে খুশির জোয়ার বইছে ধর্মনগর ক্রিকেট মহলে। কোচ অভিভাবক ও সমর্থকদের মতে এই সাফল্য ভবিষ্যতে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে ধরার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বল জানান।