ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, উদয়পুর: অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসরেও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুঃস্থ পরীক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে সাজেশান বই বিলি শুরু হয়েছে ৪ ফেব্রুয়ারি থেকে। এ পর্যন্ত উনকোটি জেলা, ধলাই জেলা, উত্তর ত্রিপুরা জেলা ও খোয়াই জেলার দুঃস্থ পরীক্ষার্থীদের অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে সাজেশান বই দেয়া হয়েছে। শুক্রবার দক্ষিন ত্রিপুরা ও গোমতী জেলায় অনুষ্ঠানের মাধ্যমে বই বিলি করা হয়। গোমতী জেলার কাকরাবন কমিউনিটি সেন্টারে ২২ টি বিদ্যালয়ের উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বই বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিদ্যালয় পরিদর্শক ক্ষিতি সুন্দর দেব, সংস্থার রাজ্য কমিটির সদস্য মনোজ রায়, পরীক্ষিৎ দে, স্বপ্না দাসগুপ্তা এবং গোমতী জেলার কনভেনর দীপঙ্কর দেব। শুক্রবারই দক্ষিন ত্রিপুরা জেলায় অনুরূপ অনুষ্ঠান হয় বিলোনীয়ার আর্য কলোনী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিন জেলা সভাধিপতি দীপক দত্ত। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিলোনীয়া পুরপরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ডেপুটি ডিরেক্টর দিলীপ চন্দ্র দাস, পুর পরিষদের শিক্ষা কমিটির চেয়ারম্যান অনুপম চক্রবর্তী, বিদ্যালয় পরিদর্শক চমচম দেওয়ান, প্রধান শিক্ষক মৃদুল চৌধুরি, সংস্থার সিপাহীজলা জেলা কমিটির কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য। স্বাগত ভাষন দেন দক্ষিন ত্রিপুরা জেলা কমিটির কনভেনার বিমল দাস। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য বিধান শিশু উদ্যান মেধা অন্বেষাকে ধন্যবাদ জানান। গোমতী জেলার অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে সংস্থার রাজ্য কনভেনর মনোজ রায় জানান গত ১৬ বৎসর যাবৎ রাজ্যের সমস্ত জেলার দুঃস্থ ছাত্রছাত্রীদের সাজেশান দিয়ে তিনি সাহায্য করছেন।