ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং এমজিএনরেগা প্রকল্প পুনরুজ্জীবনের দাবিতে আগামী ১২ ই ফেব্রুয়ারি গোটা দেশ ব্যাপী ধর্মঘট কে সামনে রেখে সোমবার সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির ডাকে ধর্মনগর শহরে এক বিশাল মিছিল সংগঠিত করে বামফ্রন্ট ও তার সহযোগী গণসংগঠন গুলি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলটি জনজীবনে ব্যাপক সাড়া ফেলে।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত, সিপিআইএম উওর জেলা সভাপতি অভিজিত দে, সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় এবং যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ একাধিক বিশিষ্ট নেতৃবৃন্দ। মিছিলে শ্রমিক স্বার্থ রক্ষা, এমজিএনরেগা প্রকল্পে কাজ ও মজুরি নিশ্চিতকরণ, মূল্যবৃদ্ধি রোধসহ একাধিক দাবির কথা তুলে ধরা হয়। “দেশ বাঁচাও” আহ্বানের পাশাপাশি শ্রমিক-কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হয়।লাল পতাকা হাতে শতাধিক কর্মী-সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন। সিটু, এআইকেএস, টিটিজেএসএস, এইডওয়া, গণমুক্তি পরিষদ, এআইটিইউসি, টিইউসিসি, এআইসিটিইউ, অল ইন্ডিয়া এসএসসি, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ সহ বিভিন্ন শ্রমিক ও গণসংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।মিছিল চলাকালীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ধর্মনগরের রাজপথ। বক্তারা অভিযোগ করেন, এমজিএন রেগা প্রকল্প কার্যত ধ্বংসের পথে, শ্রমিকদের প্রাপ্য কাজ ও মজুরি নিয়মিত দেওয়া হচ্ছে না। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামছাড়া বৃদ্ধি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে বলেও তারা দাবি করেন।বক্তব্যে সংগঠনের নেতারা স্পষ্ট জানান, শ্রমিক-কৃষক-বঞ্চিত মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচিরও ইঙ্গিত দেন তারা।মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও শহরবাসীর মধ্যে এই কর্মসূচি নিয়ে যথেষ্ট আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যায়।