ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ উত্তর ত্রিপুরা জেলা জুড়ে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ও কার্যকর জরুরি পরিষেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের কাছে সুসজ্জিত অ্যাম্বুলেন্সের দাবি জানাল ‘রোড সেফটি ইনিশিয়েটিভ’। ৯ই ফেব্রুয়ারি সোমবার সংগঠনের পক্ষ থেকে উত্তর ত্রিপুরার জেলাশাসক চান্দনী চন্দ্রান -এর নিকট এক ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশনে আবেদন করা হয়েছে, ধর্মনগর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটছে। কিন্তু বিশেষায়িত ও আধুনিক অ্যাম্বুলেন্সের অভাবে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে, যার ফলে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় মৃত্যুর ঘটনা ঘটছে। এই পরিস্থিতি উদ্বেগজনক বলে দাবি সংগঠনের।এদিনের ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন সঞ্জীব ধর সহ রোড সেফটি ইনিশিয়েটিভ এর অন্যান্য প্রতিনিধি গন। ‘রোড সেফটি ইনিশিয়েটিভ’-এর জেলা সভাপতি সুমন মহন্ত জানান, উত্তর ত্রিপুরায় একটি আধুনিক, সম্পূর্ণ সুসজ্জিত অ্যাম্বুলেন্স অত্যন্ত প্রয়োজন। প্রস্তাবিত অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্ট সিস্টেম, প্রাথমিক ট্রমা কিট সহ জরুরি চিকিৎসা সরঞ্জাম থাকা আবশ্যক বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।এছাড়াও ডেপুটেশনে বিশেষভাবে বলা হয়েছে, এই অ্যাম্বুলেন্সটি যদি অগ্নিনির্বাপক দপ্তরের প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে পরিচালিত হয়, তাহলে দুর্ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা ও উদ্ধারকাজ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। বর্তমানে দমকল কর্মীরা উদ্ধারকাজে দক্ষ হলেও আহতদের চিকিৎসা সহায়তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে,জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে দুর্ঘটনায় আহতদের সময়মতো চিকিৎসা নিশ্চিত হবে এবং প্রাণরক্ষা সম্ভব হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও উত্তর ত্রিপুরার মুখ্য চিকিৎসা আধিকারিককেও অনুলিপি পাঠানো হয়েছে।স্থানীয় বাসিন্দারাও এই দাবিকে সমর্থন জানিয়ে দ্রুত সরকারি উদ্যোগের অপেক্ষায় রয়েছেন।