ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি,ধর্মনগরঃ উত্তর ত্রিপুরার অন্তর্গত কদমতলা এলাকায় আগর শিল্পের অগ্রগতি ও সম্ভাবনা খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন রাজ্যের ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স দপ্তরের ডিরেক্টর দীপক কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উওর জেলার জেলাশাসক ও কালেক্টর চান্দনী চন্দ্রান, সহকারী কালেক্টর শুভম থাইতে এবং কদমতলা ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথ সহ অন্যান্যরা।এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এলাকার আগরভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির বর্তমান অবস্থা, উৎপাদন প্রক্রিয়া এবং বাজারজাত করণের সুযোগ- সুবিধা সম্পর্কে সরজমিনে ধারণা নেওয়া। আধিকারিকরা বিভিন্ন আগর প্রক্রিয়াকরণ ইউনিট ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন।পরিদর্শনকালে শিল্পোদ্যোগীদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন ডিরেক্টর দীপক কুমার। তিনি আশ্বাস দেন, আগর শিল্পকে আরও শক্তিশালী করতে এবং রপ্তানির সুযোগ বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। জেলাশাসক চান্দনী চন্দ্রান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প বিকাশে সবরকম সহযোগিতা করা হবে। এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় শিল্পোদ্যোগীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁদের আশা, প্রশাসনের এই উদ্যোগ আগর শিল্পের প্রসারে নতুন দিশা দেখাবে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।