This news has no attached video clip.

সাতসঙ্গম বিদ্যালয়ে শিক্ষক সংকট ঘিরে অভিভাবকদের বিক্ষোভ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি

Wednesday, May 13, 2026
Total Views: 109

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের মাধ্যমিক বিদ্যালয়ের প্রাইমারি বিভাগ। একমাত্র শিক্ষককে দিয়ে পুরো বিভাগের পাঠদান চালানো সম্ভব না হওয়ায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে বলে অভিযোগ অভিভাবকদের। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার সকাল থেকে বিদ্যালয়ের গেটে থালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। জানা যায়, বিদ্যালয়ের প্রাইমারি সেকশনে বর্তমানে শুধুমাত্র শিক্ষক হালাল আহমেদ কর্মরত রয়েছেন। ফলে সমস্ত শ্রেণির পাঠদান, প্রশাসনিক কাজ ও অন্যান্য দায়িত্ব একাই সামলাতে হচ্ছে তাকে। এর ফলে শিক্ষার মান ব্যাহত হচ্ছে এবং ছাত্রছাত্রীরা সঠিকভাবে পাঠ গ্রহণ করতে পারছে না বলে দাবি করেন অভিভাবকরা।শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। বিদ্যালয়ের প্রধান ফটকে থালা ঝুলিয়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা এই কর্মসূচির জেরে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশও কিছুটা ব্যাহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের আধিকারিকরা। ডেপুটি আইএস ধর্মনগরের অভিমন্যু মালাকার এবং ওএসডি সমীর দাস বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা অভিভাবকদের আশ্বস্ত করেন যে, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।প্রশাসনের আশ্বাসের পর অভিভাবকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন এবং বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন পুনরায় শুরু হয়। তবে দ্রুত শিক্ষক নিয়োগ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন কয়েকজন অভিভাবক।















































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.