নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে বুধবার উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতাল-এর সাফাই কর্মীরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। ২০১৪ সাল থেকে হাসপাতালের পরিষেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত এই কর্মীরা জানান, বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও বকেয়া বেতন মেটানোর বিষয়ে কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে বাধ্য হয়েই তারা কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছেন। সাফাই কর্মীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে পরিবার চালানোই দায় হয়ে উঠেছে। অনেকেই ধার-দেনা করে সংসার চালাচ্ছেন। সময়মতো বেতন না পাওয়ায় সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন খরচ সামলাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত বেতন প্রদান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।এদিকে সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে হাসপাতালের পরিষেবা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর ও শৌচাগারে পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হওয়ায় রোগী ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি ঊর্ধ্বতন দপ্তরে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে কবে নাগাদ বকেয়া বেতন মিটবে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও আশ্বাস মেলেনি। ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।