সংবাদ প্রতিনিধি,ধর্মনগরঃ উত্তর জেলার ধর্মনগরে শুক্রবার কালিদিঘীর পারে নেতাজী মূর্তির পাদদেশে নিট- ইউ.জি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে ধর্মনগর যুব কংগ্রেস। এদিন শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রতিবাদ মিছিল বের করা হয় এবং পরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর কুশপুতুল দাহ করা হয়।আন্দোলন কারীরা অভিযোগ করেন, বারবার প্রশ্নফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তথা বিশিষ্ট আইনজীবী শাহনওয়াজ খান। এছাড়াও উত্তর জেলা যুব কংগ্রেসের নেতৃত্বগণ, স্থানীয় সংগঠনের সদস্য এবং বহু কর্মী-সমর্থক অংশ নেন।বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়েই যুব নেতৃত্বরা বলেন,শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও প্রশ্নফাঁসের ঘটনা রুখতে কেন্দ্র সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনি মিনি খেলা চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।