সংবাদ প্রতিনিধি, ধর্মনগরঃ- উত্তর ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মনগর থেকে কৈলাশহর সংযোগকারী রাস্তা ডি কে রোডের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ফের উঠছে দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনার খবরও সামনে এসেছে, যা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালে এই রাস্তার সংস্কারের জন্য প্রায় ৫৭ লক্ষ টাকার টেন্ডার পাশ হয়।টেন্ডার জমা দিয়েছিলেন সুভাষ নাথ ও মৌটুসী নাথ। পরবর্তীতে কাজটি পান মৌটুসী নাথ। কিন্তু অভিযোগ, কাজের বরাত পাওয়ার পরও বাস্তবে রাস্তার কোনও উন্নয়নের কাজ চোখে পড়েনি। এদিকে, এই কাজের সঙ্গে সাব- কন্ট্রাক্টর হিসেবে যুবরাজ নগর মন্ডলের এক সহ-সভাপতির নাম জড়িয়ে রয়েছে পাশাপাশি আরও দুজনের নামও সামনে আসছে বলে জানা গেছে। বর্তমানে এলাকাবাসীর একটাই প্রশ্ন যদি সত্যিই ৫৭ লক্ষ টাকা বরাদ্দ হয়ে থাকে, তাহলে সেই টাকা গেল কোথায়? কেন এখনও রাস্তাটির এমন বেহাল দশা? আদৌ কি রাস্তার কাজে সেই টাকা ব্যবহার হয়েছে, নাকি এর পেছনে রয়েছে বড়সড় অনিয়ম? ডি কে রোডের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত রাস্তার সংস্কার এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।