ধর্মনগর প্রতিনিধি:- উত্তর জেলার ধর্মনগর শহরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ওভারলোড পাথরবোঝাই ডাম্পারের দৌরাত্ম্য। প্রশাসনের একাধিক নির্দেশিকা, নজরদারি এবং অভিযানের পরও শহরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে অবাধে চলাচল করছে ভারী যানবাহন। এর ফলে শহরের বিভিন্ন রাস্তার অবস্থা ক্রমশ বেহাল হয়ে পড়ছে এবং নিত্যদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ।শহরের রাজবাড়ীস্থিত পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা, কলেজ রোড, হাসপাতাল মুখী রাস্তা এবং বাজার এলাকার একাধিক সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও রাস্তার পিচ উঠে গিয়ে কাঁচা অংশ বেরিয়ে পড়েছে, আবার কোথাও সামান্য বৃষ্টিতেই জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ওজন বহনকারী ডাম্পার গাড়িগুলি নিয়ম ভেঙে শহরের ভেতর দিয়ে চলাচল করছে। ফলে অতিরিক্ত চাপের কারণে রাস্তার দ্রুত ক্ষয় হচ্ছে।শহরবাসীর একাংশ জানিয়েছেন, অতীতে মহকুমা প্রশাসনের তরফে ওভারলোড ডাম্পার শহরে প্রবেশ নিয়ন্ত্রণে নির্দেশ জারি করা হয়েছিল। কিছুদিন পরিস্থিতির উন্নতি হলেও বর্তমানে ফের আগের চিত্র ফিরে এসেছে। এতে প্রশাসনের নজরদারি এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।অভিযোগ উঠেছে, প্রভাবশালী মহলের ছত্রছায়াতেই নিয়ম ভেঙে শহরের রাস্তা ব্যবহার করছে ভারী যানবাহন।ধর্মনগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক পাথরবোঝাই ডাম্পারের যাতায়াত লক্ষ্য করা যায়।স্থানীয় বাসিন্দাদের দাবি, অধিকাংশ গাড়িই নির্ধারিত ওজনের চেয়ে বেশি মাল বহন করছে। এতে শুধু রাস্তার ক্ষতিই নয়, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। বিশেষ করে মোটরবাইক আরোহী, টমটম চালক এবং ছোট গাড়ির চালকদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যেই একাধিক ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।এদিকে, সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। রাস্তার ধুলো ও কাদায় দোকানের সামনে পরিবেশ নষ্ট হচ্ছে, ক্রেতাদের যাতায়াতেও বাধা সৃষ্টি হচ্ছে। ডাম্পারের ধুলোয় ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজার এলাকায় প্রায়ই যানজট তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে স্কুল-কলেজগামী পড়ুয়া, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার যানবাহনের উপরও।সচেতন মহলের মতে, মাঝে মধ্যে প্রশাসনিক অভিযান চালানো হলেও তা দীর্ঘমেয়াদি সমাধান আনতে পারছে না। নিয়মিত নজরদারি, ওভারলোড গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিকল্প রুট নির্ধারণ না করা পর্যন্ত এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি মিলবে না।পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের দাবিও জোরালো হচ্ছে।শহরবাসীর দাবি, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিয়ে শহরের ভেতরে ওভারলোড ডাম্পার চলাচল নিয়ন্ত্রণে আনুক প্রশাসন। অন্যথায় ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা এবং জনদুর্ভোগের আশঙ্কা বাড়বে বলেই মনে করছেন নাগরিক সমাজের একাংশ।