This news has no attached video clip.

এক রাতে পাঁচ বাড়িতে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ধর্মনগরে

Saturday, May 16, 2026
Total Views: 103

সংবাদ প্রতিনিধি,ধর্মনগরঃ উওর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত রাজনগর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সন্ধ্যারাতে একসঙ্গে পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।জানা যায়,এদিন উক্ত এলাকায় চড়ক মেলা চলাকালীন অধিকাংশ গ্রামবাসী মেলায় ব্যস্ত থাকায় সুযোগ নেয় চোরেরা। রাত প্রায় সাড়ে সাতটার দিকে বিশ্বজিৎ সিংহ-এর বাড়িতে চুরির ঘটনা প্রথম সামনে আসে। এরপর দ্রুত অন্যান্য বাড়িতেও চুরির বিষয়টি জানা যায়। স্থানীয় বাসিন্দা শান্তি গোপাল নাথ জানান,মেলা থেকে তিনি বাড়িতে ফিরে দেখেন বারান্দার গ্রিল ভাঙা এবং প্রধান দরজা খোলা। একইভাবে মোহন বাঁশি নাথ ও রিংকু নাথ-এর ঘরের দরজাও ভাঙা বা খোলা অবস্থায় পাওয়া যায়।প্রাথমিক ভাবে জানা গেছে, শান্তি গোপাল নাথের বাড়ি থেকে আনুমানিক চার লক্ষ টাকার সোনার ও রূপোর গয়না এবং দুটি মোবাইল ফোন চুরি হয়েছে। এছাড়া তাঁর নিকট আত্মীয়ের ঘর থেকেও মোবাইল, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। পাশের বাড়ির অনিল নাথ-এর বাড়ি থেকেও নগদ টাকা ও গহনা চুরি হয়েছে। অমূল্য ভৌমিক-এর বাড়িতে চোরেরা ঢুকলেও তেমন কিছু নিতে পারেনি বলে জানাযায়।এদিকে খবর পেয়ে ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনীরা ঘটনাস্থলে পৌঁছান। ডগ স্কোয়াড সহায়তায় চুরির তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।স্থানীয়দের দাবি, রাজনগর গ্রামে আগে কখনও এমন ধারাবাহিক চুরির ঘটনা ঘটেনি। ফলে ঘটনার পর থেকে গোটা এলাকায় এক উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই চুরির ঘটনায় পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.